গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জের এক পল্লিতে রুবেল হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। গত রোববার উপজেলার দাউদপুর ইউনিয়নের কুন্দুন গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল কুন্দুন গ্রামের আবদুর রহিমের ছেলে।
ধর্ষণের শিকার ওই নারী গত সোমবার রাতে বলেন, মাস খানেক আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শুক্রবার তাঁর বাবার চাচা অন্য এক গ্রামে বেড়াতে যান। এ সময় তাঁর বাড়িটি দেখাশোনার দায়িত্ব দেন ওই গৃহবধূকে। গত রোববার বেলা ১১টার দিকে ওই আত্মীয়ের খালি বাড়ি ঝাড়ু দিতে যান ওই গৃহবধূ। এ সময় রুবেল ওই বাড়িতে এসে গৃহকর্তার খোঁজ করতে থাকেন। একপর্যায়ে রুবেল ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
প্রতিবেশী সামছুল হকের স্ত্রী জাহানারা বেগম বলেন, গৃহবধূর চিৎকারে তিনিসহ আশপাশের লোকজন ছুটে এলে রুবেল পালিয়ে যান।
ওই গৃহবধূর বাবার চাচা কালিপদ কিস্কু, গ্রাম-পুলিশ তায়েজ উদ্দিন, রুবেলের চাচা মশফিকুর রহমান বলেন, এ ঘটনায় রাতেই গ্রামে সালিস বৈঠক বসে। বৈঠকে নেতৃত্ব দেন গ্রামের মাতব্বর তোজাম্মেল হক এবং ইউপি সদস্য মরফিদুল ইসলাম। বিচারে রুবেল হাজির না থাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তাঁকে হাজির করতে বলা হয়।
রুবেলের বাবা আ. রহিম বলেন, তাঁর সঙ্গে গ্রাম-পুলিশ তায়েজ উদ্দিনের জমি নিয়ে বিরোধ রয়েছে। তায়েজ উদ্দিনের সঙ্গে ওই গৃহবধূর বাবার পরিবারের ভালো সম্পর্ক। তায়েজ উদ্দিনই ষড়যন্ত্রমূলকভাবে এসব রটাচ্ছে বলে তিনি উল্টো অভিযোগ করেন।
তায়েজ উদ্দিন অবশ্য জমি নিয়ে আ. রহিমের সঙ্গে বিরোধের সত্যতা স্বীকার করে বলেন, তাঁর সঙ্গে বিরোধের কথা টেনে এনে আ. রহিম তাঁর সন্তানের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মঙ্গলবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।