গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হাসপাতালে ভর্তি
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, বালিয়াকান্দি গ্রামের আসলাম হাওলাদার গত মঙ্গলবার রাতে গৃহবধূকে ধর্ষণ করেন।
জাজিরা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গৃহবধূ তাঁর শিশুসন্তান ও শাশুড়িকে নিয়ে বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে ওই গ্রামের আসলাম হাওলাদার তাঁর সহযোগী নুর মোহাম্মদ মালকে নিয়ে জানালা ভেঙে গৃহবধূর ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন। পরিবারের সদস্যরা গৃহবধূকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে থাকতে পারেন। পুরো নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষা করাতে হবে।’
জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বলেন, গৃহবধূর স্বামী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন। মামলায় দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।