গৃহবধূকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গৃহবধূকে (১৯) কৌশলে ঘরে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল রোববার রাতে মামলা হলে আজ সোমবার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নেত্রকোনার ঋষিপাড়া এলাকার সন্দ্বীপ সরকার (২১) ও তাঁর ছোট ভাই প্রনজিত সরকার (১৯)। তাঁরা কুলাউড়া পৌর শহরে বেশ কিছু দিন ধরে রিকশা চালান। শহরের চাতলগাঁও এলাকায় একটি কলোনিতে দুটি বাসা ভাড়া নিয়ে তাঁরা থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়েছে। তাঁর স্বামী ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করেন। স্বামীর সঙ্গে সম্প্রতি তাঁর মনোমালিন্য হয়। এর জের ধরে ৩১ আগস্ট বিকেলের দিকে তিনি একা পার্শ্ববর্তী জুড়ী উপজেলায় বাবার বাড়িতে রওনা দেন। পথে প্রনজিতের সঙ্গে তাঁর পরিচয় হয়। এ সময় মানসিকভাবে বিপর্যস্ত দেখে তিনি তাঁকে বাসায় নিয়ে যান। একপর্যায়ে ঘুমের বড়ি খাইয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন প্রনজিত। এতে অসুস্থ হয়ে পড়লে তিনি গৃহবধূকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সুস্থ হয়ে ওঠার পর রোববার রাত নয়টার দিকে মামলা করেন। সোমবার দুপুরে চাতলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রনজিত ও সন্দ্বীপকে আটক করা হয়।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) খসরুল আলম বাদল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার জন্য গৃহবধূকে মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। প্রনজিত ও সন্দ্বীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে সন্দ্বীপ দাবি করেন, প্রনজিত আলাদা ঘরে থাকেন। তাই এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

প্রনজিত ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মানসিকভাবে অসুস্থ দেখে গৃহবধূকে তিনি বাসায় নিয়ে যান। পরে বেশি অসুস্থ দেখে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।