গৃহবধূকে নির্যাতন ও চুল কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামে এক গৃহবধূকে গত মঙ্গলবার লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। এ সময় তাঁর চুল কেটে নেওয়াসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার নারীর নাম রাশিদা আক্তার (৩০)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর স্বামীর নাম কামরুজ্জামান শেখ (৪৮)। বাড়ি মানিকদহ গ্রামে। ওই ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে। এতে কামরুজ্জামানের প্রথম স্ত্রী, ছেলে ও দুই মেয়ের স্বামীসহ আটজনকে আসামি করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসী সূত্র জানায়, এক মাস আগে রাশিদাকে বিয়ে করেন একই গ্রামের কামরুজ্জামান। এতে কামরুজ্জামানের প্রথম পক্ষের স্ত্রী রিক্তা বেগম (৪০) ও তাঁর ছেলেমেয়েরা ক্ষিপ্ত হন। কয়েক দিন আগে রাশিদাকে নিয়ে পুখুরিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় ওঠেন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কামরুজ্জামানের প্রথম স্ত্রী রিক্তা, তাঁর ছেলে আবদুর রহিম (২৫) এবং জামাতা মো. মহিউদ্দিন (৩৮) ও আসাদুজ্জামান শেখ (৩৫) সেখানে গিয়ে হামলা চালান। তাঁরা ঘরের ভেতর থেকে কামরুজ্জামানকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসেন। পরে ঘরের ভেতরে দরজা আটকিয়ে রাশিদার ওপর হামলা চালানো হয়। তাঁরা রাশিদার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয় ব্যক্তিরা রাশিদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাশিদা বলেন, ‘আমাকে নির্মমভাবে পেটানো হয়েছে। মাথার চুল কেটে দেওয়া হয়েছে। মাথায় কুপিয়ে জখম করা হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাশিদুল হাসান জানান, বিভিন্ন স্থানে আঘাতের কারণে রাশিদার শরীর ফুলে গেছে। এখন অবস্থা কিছুটা ভালো।
রাশিদার স্বামী কামরুজ্জামান শেখ বলেন, ‘দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী, ছেলেমেয়ে ও জামাতারা আমার ওপর নাখোশ হয়। তারাই রাশিদাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় মামলা করেছি।’
রাশিদার মা আনোয়ারা বেগম বলেন, ‘আমি এর সুষ্ঠু বিচার চাই।’