গৃহবধূকে নির্যাতন স্বামী ও ভাশুর গ্রেপ্তার
বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে গত শনিবার তাঁর স্বামী ও ভাশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিতা চৌধুরী নামের ওই গৃহবধূ আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের কার্তিক চৌধুরীর মেয়ে অনিতার সঙ্গে তিন বছর আগে কোদালধোয়া গ্রামের মনীন্দ্রনাথ বৈষ্ণবের ছেলে রণজিৎ কুমার বৈষ্ণবের বিয়ে হয়। বিয়ের সময় বর রণজিৎকে সোনার গয়না, টাকা ও প্রায় আড়াই লাখ টাকার মালামাল দেওয়া হয়। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আবারও যৌতুকের জন্য চাপ দেন। একাধিকবার রণজিৎকে টাকা দেওয়া হয়। পরবর্তী সময়ে ঘন ঘন বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বললে অনিতা অস্বীকৃতি জানান। এ নিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হতো।
গত বুধবার স্ত্রীকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে দিতে বলেন রণজিৎ। এতে অস্বীকৃতি জানালে স্বামী ও ভাশুরসহ পরিবারের লোকজন ক্ষিপ্ত হন। শুক্রবার তাঁরা অনিতাকে বেধড়ক পিটিয়ে জখম করেন। ওই রাতেই অনিতা আগৈলঝাড়া থানায় মামলা করেন।