গৃহবধূকে নির্যাতন স্বামী গ্রেপ্তার
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামে মর্জিনা আক্তার নামের এক গৃহবধূ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী নাসির উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় গত সোমবার মামলা হয়েছে। নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার অপর দুই আসামি হলেন মর্জিনার ভাশুর নজরুল ইসলাম (৫০) ও জা হেলেনা আক্তার (৪৫)।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালে উপজেলার চাঁদশী গ্রামের নাসিরের (৩৩) সঙ্গে কসবা গ্রামের মর্জিনার (২৫) বিয়ে হয়। বিয়ের সময় নাসিরকে দেড় লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল দেওয়া হয়। বিয়ের প্রায় ছয় মাসের মধ্যে নাসির ব্যবসা করার কথা বলে আরও দুই লাখ টাকা দাবি করেন। তখন মর্জিনার বাবা এক লাখ টাকা দেন। কিন্তু বাকি এক লাখ টাকা না পেয়ে নাসির প্রায়ই মর্জিনাকে মারধর করতেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ও গণ্যমান্য ব্যক্তিরা কয়েকবার সালিসে বসে মীমাংসা করে দেন। তা সত্ত্বেও গত শনিবার নাসির আরও পাঁচ লাখ টাকা যৌতুক চেয়ে মর্জিনাকে মারধর করেন। এতে মর্জিনার ভাশুর ও জা সহযোগিতা দেন। একপর্যায়ে তাঁকে পিটিয়ে রক্তাক্ত করে বাড়ির পাশের কলাবাগানে ফেলে রাখা হয়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসা কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, গৃহবধূর মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে মাথায় আঘাত গুরুতর।
জানতে চাইলে মর্জিনার স্বামী নাসির কোনো উত্তর দেননি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।