গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সারাহ ফার্গুসন ওরফে তন্বী (২১) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী।
মঙ্গলবার রাতে নগরের নূরনগর এলাকায় গফফার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বজনেরা বলছেন, মৃত্যুর ঘণ্টা দুয়েক আগেও সারাহ তাঁর ওপর নির্যাতনের কথা তাঁদের জানিয়েছেন। তবে গফফার বিশ্বাসের দাবি, সারাহ আত্মহত্যা করেছেন।
খালিশপুর থানার এসআই কমলকান্তি পাল বলেন, গতকাল বুধবার সকালে খবর পেয়ে তাঁরা গফফার বিশ্বাসের বাড়ির নিচতলার বারান্দায় খাটিয়ার ওপর সারাহর মৃতদেহ দেখতে পান। নিহত গৃহবধূর সুরতহাল প্রতিবেদন সম্পর্কে তাঁর বক্তব্য, সারাহর মাথার পেছনে ও বুকের বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
গৃহবধূর মামা আসাদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার রাত নয়টার দিকে ফোন করে সারাহ আমাদের জানায় যে তার ওপর সোহেল নির্যাতন করছে। এর দুই ঘণ্টা পরেই আমাদের ফোন করে তার মৃত্যুর সংবাদ দেওয়া হয়।’ তিনি বলেন, দুই বছর আগে সারাহর সঙ্গে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা কারণে সোহেল সারাহর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বনিবনা হয়নি সোহেলের। বিচ্ছেদ না হলেও দ্বিতীয় স্ত্রী শহরের আলাদা একটি বাড়িতে থাকেন। সারাহ নগরের সোনাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরুল আলমের মেয়ে।