গৃহবধূকে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফ আলীর বিরুদ্ধে গত সোমবার রাতে এক গৃহবধূকে ইউপি কার্যালয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম নেহার বেগম (৩০)। নেহারের মা মালেকা বেগম বলেন, দেড় মাস আগে সদর উপজেলার পূর্ব পারপুগী গ্রামের নুর ইসলাম (৩৫) একই গ্রামের নেহারকে বিয়ে করেন। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে। নুর ইসলাম ইউপি সদস্য আশরাফের ভাতিজা। বিয়ের পর নেহার তাঁর সাবেক স্বামী মো. দুলাল ওরফে মিন্টুকে তালাক দেন। কিন্তু নুর ইসলামের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। এ কারণে নেহারকে নিয়ে নুর ইসলাম মাদারগঞ্জ এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। পরে নেহার শিবগঞ্জ রেলস্টেশনের পাশে তাঁর বাবার বাড়িতে চলে আসেন। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আশরাফের ছেলে মো. জুয়েল ও নুর ইসলামের বড় ভাই আবদুস সোবহানসহ কয়েকজন বাড়িতে ঢুকে লাঠিসোঁটা দিয়ে নেহারকে পেটাতে শুরু করেন। মারধরের পর তাঁরা নেহারের শরীরের ক্ষতস্থানে মরিচের গুঁড়ো মেখে দেন। দুপুর দেড়টার দিকে নেহারকে বাড়ি থেকে তুলে এনে আশরাফ ইউপি কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। ইউপি কার্যালয়ে নুর ইসলামকে তালাক দিয়ে আবার দুলালকে বিয়ে করার প্রস্তাব দেন আশরাফ। তাঁর এ প্রস্তাবে রাজি না হওয়ার আশরাফ তাঁকে আবারও মারধর করেন। আশরাফ সন্ধ্যার পর তালাক ও বিয়ের জন্য স্থানীয় কাজিকে ডেকে আনতে লোকজন পাঠান।
এ বিষয়ে দুলাল বলেন, ‘শুনেছি নুর ইসলামকে নেহার বিয়ে করেছে। ঈদের কয়েক দিন আগে সে কাগজ পাঠিয়ে আমাকে তালাক দেন। গত সোমবার মেম্বার আশরাফ আমার সঙ্গে নেহারের আবার বিয়ে দিয়ে মিলমিশ করে দেবে বলে পরিষদে ডেকে আনেন।’
এদিকে ইউপি কার্যালয়ে গৃহবধূ নেহারকে আটকে রেখে নির্যাতনের খবর পেয়ে গত সোমবার রােত পুলিশ নেহারকে উদ্ধার করে। এ সময় আশরাফকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে নেহারকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
অভিযুক্ত আশরাফ বলেন, ‘বাড়ির মেয়েরা নেহারকে সামান্য মারধর করেছে। পরে ঘটনাটির মীমাংসার জন্য তাঁকে ইউপি কার্যালয়ে নিয়ে আসি। যা করেছি তা ইউপি চেয়ারম্যানের নজরে দিয়ে করেছি।’ তবে ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আশরাফ নিজ দায়িত্বেই এ ঘটনা ঘটিয়েছেন।’ অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ইউপি সদস্য আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে।