স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দাবি করা যৌতুকের টাকা না দেওয়ায় গতকাল শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামে এক গৃহবধূকে বেদম মারধর করে অবরোধ করে রাখা হয়েছে।
এ খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, তাঁরা বেলা দুইটায় মেদাকুল গ্রামে অভিযান চালিয়ে নিলুফাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সটকে পড়ে।
অভিযোগের ব্যাপারে সজল ফকিরের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, নির্যাতন করা হয়নি, কিছু থাপ্পড়-চোপাড় দেওয়া হয়েছে। তিনি যৌতুক দাবি ও অবরোধ করে রাখার কথা অস্বীকার করেন।
গৌরনদী থানা ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের আবদুল হক ফকিরের ছেলে সজল ফকিরের (২৫) সঙ্গে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাখিরা গ্রামের সিকিম আলীর মেয়ে নিলুফা বেগমের (১৭) বিয়ে হয়। বিয়ের সময় সিকিম ফকির তাঁর জামাতাকে এক লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার দিয়ে মেয়েকে তুলে দেন।
নিলুফার বড় ভাই বেলাল মৃধা জানান, বিয়ের পর তিন মাস যেতে না যেতেই সজল ফকির তাঁর বোনকে বাবার বাড়ি থেকে আরও ৫০ হাজার টাকা আনার জন্য চাপ দেন। বোন ওই টাকা আনতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিসের মাধ্যমে ঋণ এনে বোনের সুখের জন্য সজলকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। এভাবে গত আড়াই বছরে বিভিন্ন সময় বোনকে নির্যাতন করে প্রায় আড়াই লাখ টাকা যৌতুক আদায় করে নেন সজল। ২০ ফেব্রুয়ারি সজল নতুন করে দুই লাখ টাকা আনার জন্য নিলুফাকে চাপ দেন। নিলুফা অপারগতা প্রকাশ করলে তাঁকে ২২ ফেব্রুয়ারি মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন সজল।
নিলুফার স্বজন সূত্র জানায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ দিলে তাঁদের মধ্যস্থতায় ২৫ ফেব্রুয়ারি নিলুফাকে আবার সজল ঘরে তুলে নেন। গতকাল শুক্রবার সকাল আটটায় সজলের দাবি করা দুই লাখ টাকা আনার জন্য আবার নিলুফাকে বলেন।
নিলুফা অভিযোগ করেন, ‘আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে লাঠি ও লাকড়ি দিয়ে পিটিয়ে জখম করে ঘরের মধ্যে আটকে রাখে এবং যাতে আত্মীয়স্বজনদের খবর দিতে না পারি, সে জন্য মোবাইল ফোন কেড়ে নেয়।’
মেদাকুল গ্রামের আবদুস সালাম, মো. শাহজাহান সরদারসহ স্থানীয় সাত-আটজন জানান, তাঁরা বিষয়টি নিলুফার বাবার বাড়ি খবর দিলে নিলুফার বড় ভাই বেলাল মৃধা (৩২) গৌরনদী থানায় খবর দেন।