গৃহবধূকে পিটিয়ে হত্যা স্বামী গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদা উপজেলায় যৌতুক না পেয়ে মুক্তি রানী (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের গেঁদেরগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে মুক্তির স্বামী অনুকূল চন্দ্রকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার মুক্তির বাবা গয়নাথ চন্দ্র বাদী হয়ে অনুকূলকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
মুক্তির পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চোরপাড়া গ্রামের গয়নাথ চন্দ্রের মেয়ে মুক্তির সঙ্গে গেঁদেরগুড়ি গ্রামের অনুকূলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। শুক্রবার সন্ধ্যার পর যৌতুকের জন্য মুক্তিকে অনুকূল মারধর করেন। এ সময় লাঠির আঘাতে মুক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ সময় এলাকাবাসী অনুকূলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় গতকাল গয়নাথ চন্দ্র বাদী হয়ে অনুকূলকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন অনুকূলের এক ভাই ও দুই বোন-জামাই।