গৃহবধূকে পিটিয়ে জখম, আটকে রাখার অভিযোগ
বরগুনার তালতলী উপজেলার বড় অংকুজানপাড়া গ্রামে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার পর পাঁচ দিন বাড়িতে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় বাবার বাড়ির লোকজন খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাসুদা বেগম (২৭) নামের ওই গৃহবধূ দুই সন্তানের মা। স্বামী ইসহাক ফকিরের অনৈতিক কাজে বাধা দেওয়ায় তাঁর ওপর এই নির্যাতন চালানো হয় বলে মাসুদা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ।
জানা গেছে, ২০০১ সালে উপজেলার বড় ভাইজোড়া গ্রামের সামাদ হাওলাদারের মেয়ে মাসুদা বেগমের সঙ্গে বড় অংকুজানপাড়া গ্রামের আমজেদ ফকিরের ছেলে ইসহাক ফকিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাসুদাকে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন শুরু করেন তাঁর স্বামী। দুই মাস ধরে ইসহাক ফকির এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনা মাসুদা বেগম বুঝতে পেরে স্বামীকে শোধরানের চেষ্টা করেন। কিন্তু তাতেও ইসহাক নিবৃত্ত হননি। এর জের ধরে গত মঙ্গলবার ইসহাক তাঁর স্ত্রীকে ঘরে আটকে লাঠি দিয়ে কয়েক দফা পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেন। এতে গুরুতর আহত হন মাসুদা। এ অবস্থায়ই মাসুদাকে পাঁচ দিন ঘরে আটকে রাখেন ইসহাক। শনিবার সন্ধ্যায় বাবার বাড়ির লোকজন খবর পেয়ে মাসুদাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল রোববার দুপুরে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মাসুদা হাসপাতালের শয্যায় শুয়ে কাতরাচ্ছেন। বিছানা থেকে উঠতে পারছেন না।
মাসুদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুই মাস ধরে আমার স্বামী এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ ঘটনা আমি দেখে ফেলার পর তাঁকে বহুবার বারণ করেছি। কিন্তু তিনি আমার কথা শোনেননি। এরপর আমি এর প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে আমার শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেন। এরপর চিকিৎসা না দিয়ে ঘরের মধ্যে পাঁচ দিন আটকে রাখেন।’ আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা নিখিল চন্দ্র শীল গতকাল দুপুরে বলেন, মাসুদার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের স্থানগুলো লালচে হয়ে ফুলে গেছে।
অভিযোগ প্রসঙ্গে ইসহাক ফকির বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় আমি তাকে মারধর করেছি।’ তবে তাঁকে কেন চিকিৎসা না দিয়ে পাঁচ দিন ঘরে আটকে রাখলেন এমন প্রশ্নের তিনি কোনো উত্তর দেননি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।