গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াছড়ি গ্রামের গৃহবধূ মোতাহেরা বেগমকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার ভোরে চকরিয়ার একটি হাসপাতালে ওই গৃহবধূ মারা যান। ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, গত রোববার সকালে স্বামী শহিদুল ইসলাম তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন।
ওই গৃহবধূর বাবা নাছির উদ্দিন বলেন, ‘নছিমন কেনার জন্য আমার কাছ থেকে টাকা আনতে শহিদুল মোতাহেরাকে চাপ দেয়। টাকা না দেওয়ায় সে মদ খেয়ে প্রতিনিয়ত মোতাহেরাকে নির্যাতন করত।’ তিনি আরও বলেন, টাকার লোভে শহিদুল অন্য একটি মেয়ের প্রেমে পড়ে। মোতাহেরা এতে বাধা দিলে গত রোববার সকালে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চকরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোরে সে মারা যায়।
ওই গৃহবধূর ভাই আকতার হোসেন বলেন, বেদম মারধরের পর মোতাহেরা জ্ঞান হারিয়ে ফেললে মুখে বিষ ঢেলে দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করে স্বামী। কিন্তু এতে ব্যর্থ হয়ে সেদিন সন্ধ্যায় মোতাহেরাকে হাসপাতালে ভর্তি করায়। গতকাল ভোরে মোতাহেরা মারা গেলে শহিদুল লাশ ফেলে পালিয়ে যান। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ওই গৃহবধূর পরিবার তাঁকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। এখনো লিখিত অভিযোগ দেয়নি।