গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
রাজধানীর কড়াইল বস্তিতে ঝুমুর আক্তার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তাঁর পরিবার। বনানীর কলাম্বিয়া মার্কেটের পেছনে কড়াইল বস্তি এলাকার একটি বাড়িতে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। ঝুমুরের স্বামী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।
ঝুমুরের মামাতো ভাই এনায়েত করিম প্রথম আলোকে বলেন, ১৩ বছর আগে মিজানুরের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। ঝুমুরের তমা (৯) ও তানিশা (৩) নামে দুটি মেয়ে রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করেন তিনি। বছর খানেক আগে মিজানুরকে দুই লাখ টাকা দেন ঝুমুরের বাবা মো. সোবহান। কিছুদিন আগে মিজানুর ও তাঁর বাবা নূর ইসলাম আবারও যৌতুকের দাবি করে জানিয়ে এনায়েত বলেন, দুই বছর আগে মিজানুর দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে ঝুমুরের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। ব্যবসা ও দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার জন্য ঝুমুরের পরিবারের কাছে টাকা চান মিজানুর। টাকা না পেয়ে গত সোমবার রাতে মিজানুর, নূর ইসলাম ও মিজানুরের ভগ্নিপতি লিটন মারধর করলে ঝুমুর মারা যান।