গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর গ্রামে আরজিনা বেগম (২৬) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।
আরজিনা বেগম ওই গ্রামের মো. রাসেলের (২৮) স্ত্রী। নিহত আরজিনার বাবার বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাইশপুকুর খালিশা গ্রামে। এ ঘটনায় রোববার রাতে তাঁর বাবা আমির উদ্দিন বাদী হয়ে রাসেলসহ তাঁর পরিবারের আটজনের নামে পাটগ্রাম থানায় হত্যা মামলা করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে আরজিনা ও রাসেলের বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তান রয়েছে। বিয়ের সময় লাখ টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু কিছুদিন পরপর যৌতুকের জন্য আরজিনার ওপর নেমে আসে নির্যাতন। নানা অজুহাতে প্রায়ই তাঁর ওপর নির্যাতন চালাতেন স্বামী, শ্বশুর, ভাশুরসহ পরিবারের লোকজন। কয়েক মাস আগে ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। পাঁচবার যৌতুকের জন্য নির্যাতন করার বিষয়ে সালিস-বিচার হয়েছে। শনিবার রাতে যৌতুকের জন্য বেদম মারধর করে আরজিনাকে হত্যা করা হয়। এরপর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে রাসেলসহ পরিবারের লোকজন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, নির্যাতন ও হত্যার অভিযোগে স্বামী রাসেলকে প্রধান আসামি করাসহ আট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে।