গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পারিবারিক কলহের কারণে এক গৃহবধূকে গত বুধবার রাতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছেন। পুলিশ গতকাল বৃহস্পতিবার লাশ উদ্ধার করেছে।
ওই গৃহবধূর নাম সুবর্ণা মণ্ডল (২৮)। তিনি মাঝালিয়া গ্রামের পরেশ মণ্ডলের মেয়ে এবং রাজাবাড়ী গ্রামের কোদালকাটা এলাকার বিনত মণ্ডলের স্ত্রী ছিলেন। পলাতক থাকায় অভিযোগের বিষয়ে সুবর্ণার স্বামী বিনত মণ্ডল ও তাঁর পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গোড়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাশেম বলেন, সুবর্ণার সঙ্গে তাঁর স্বামী, ভাশুর ও জা মাঝেমধ্যেই খারাপ আচরণ করতেন। এ নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে।
এলাকার কয়েকজন বলেন, প্রায় ৯ বছর আগে সুবর্ণার সঙ্গে বিনত মণ্ডলের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে রয়েছে। বুধবার রাতে কলহের কারণে স্বামী ও তাঁর পরিবারের লোকজন সুবর্ণাকে বেধড়ক পেটান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা সদরে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর পরপরই সুবর্ণার স্বামী ও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। পুলিশ গতকাল দুপুরে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে।
সুবর্ণার বাবা পরেশ মণ্ডল ও ভাই অমল মণ্ডল বলেন, সংসার করার জন্য সুবর্ণা এত দিন স্বামীর পরিবারের অত্যাচার সইছিলেন। তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাঁরা এ হত্যার বিচার চান।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে।