গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
যৌতুক না পেয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলায় আফরোজা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতেই আফরোজার স্বামীসহ পাঁচজনকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা হয়েছে।
পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে আফরোজার (২১) স্বামী আশরাফুল ইসলাম (২৩), ভাই ওমর ফারুক (৩৫) ও ভগ্নিপতি আবদুর রহমানকে (২৩) গ্রেপ্তার করেছে। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আনছার আলীর মেয়ে আফরোজা বেগমের সঙ্গে এক বছর আগে আশরাফুলের বিয়ে হয়। আশরাফুল এক লাখ টাকা যৌতুক নেন। বিয়ের কিছুদিন পর তিনি আবার ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ জন্য আফরোজাকে স্বামী আশরাফুলসহ পরিবারের লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পাঁচ-সাত দিন আগে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ৫০ হাজার টাকা আনার জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এই পরিস্থিতিতে আনছার আলী ধারদেনা করে ২০ হাজার টাকা দেন। গত বুধবার আফরোজা ওই টাকা নিয়ে স্বামীর বাড়ি যান।
আনছার আলী প্রথম আলোকে বলেন, ‘৩০ হাজার টাকা না পেয়ে গত শনিবার সকালে জামাতা আশরাফুল, তাঁর ভগ্নিপতিসহ পরিবারের লোকজন আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে সৈয়দপুর কুন্দল হাসপাতালে নিয়ে যান। এরপর জামাই আমাকে ফোন করে মেয়ে অসুস্থ হয়ে মারা গেছে বলে খবর দেন।’
এ ব্যাপারে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান প্রথম আলোকে বলেন, গৃহবধূর ঘাড়, পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার দুই আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।