গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩
পাবনা শহরের শান্তিনগর মহল্লায় গতকাল বুধবার তানিয়া সুলতানা (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে স্বামীর বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
তানিয়া মহল্লার বাসিন্দা ব্যবসায়ী তৌহিদুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় তৌহিদুলসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে তানিয়ার পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছিল।
তানিয়ার পরিবার ও কয়েকজন প্রতিবেশী সূত্রে জানা গেছে, তানিয়া ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রামের আবদুল কুদ্দুস মোল্লার মেয়ে। তিন বছর আগে পাবনা শহরের ব্যবসায়ী তৌহিদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি তৌহিদুলের আগের একটি বিয়ের ঘটনা জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এর জের ধরে মাঝেমধ্যেই দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। গত মঙ্গলবার রাতে ওই বাড়িতে চেঁচামেচির শব্দ শোনা যায়। রাত ৩টার দিকে অনেকে কান্নার শব্দ শোনে। এরপর থেকে আর কোনো শব্দ পাওয়া যায় না। সকালে তৌহিদুলের বাড়ির লোকজন প্রতিবেশীদের বলেন, তাঁদের ছেলের বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে পুলিশ এসে তাঁর ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
তানিয়ার ভাই তুফান মোল্লা বলেন, বোনের অসুস্থতার খবর শুনে ওই বাড়িতে যান। কিন্তু এসে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তৌহিদের পরিবারের লোকজন বলেন, তাঁর বোন আত্মহত্যা করেছেন। কিন্তু তানিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে তাঁদের সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনের কাছে খবর নিয়ে তিনি জানতে পারেন, রাতভর তাঁর বোনের ওপর অত্যাচার চালানো হয়েছে। তাঁর বোনকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক মহল্লার এক বাসিন্দা বলেন, ‘রাতে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আমরা ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বাড়ির লোকজন পারিবারিক বিষয় বলে কাউকে ঢুকতে দেননি।’
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদনে তানিয়ার পিঠ-পাসহ শরীরের কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তৌহিদুল, তাঁর বাবা শাহজাহান আলী ও মা আনোয়ারা খাতুনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।