গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জে মনজিলা আখতার (২০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পুড়িয়ে হত্যা করেছেন বলে ওই গৃহবধূর পরিবার অভিযোগ করেছে। তবে অভিযুক্ত স্বামী মনজুর আলম অভিযোগ অস্বীকার করে পারিবারিক কলহের জের ধরে মনজিলা নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূ মারা যান।
গৃহবধূর মৃত্যুতে তাঁর চাচা মনিরুল ইসলাম গতকাল সকালে নবাবগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে মনজুর আলমকে আসামি করে হত্যা মামলা করেছেন। মনজুর উপজেলার পুটিমারা ইউনিয়নের সরাইপাড়া গ্রামের বাসিন্দা ও হাকিমপুর উপজেলার বিশাপাড়া মাদ্রাসার অফিস সহকারী।
নিহত গৃহবধূর বাবা উপজেলার খিদিরপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুর আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মেয়ের অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে মনজিলা তাঁকে জানান, তাঁর স্বামী সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুই দফায় তাঁকে নির্যাতন করেন। পরে গভীর রাতে মনজুর তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মনজিলাকে নেওয়ার পর সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে রংপুর পাঠান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মনজিলা গতকাল ভোর ছয়টায় মারা যান বলে বাবা মাহবুর আলম জানান।
মনজুর দাবি করেন, তিনি মাদ্রাসায় যাওয়ার পর মনজিলা অন্য ছেলেদের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে মনজিলার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। রাতে তিনি শৌচাগারে গেলে মনজিলা ঘরের দরজা লাগিয়ে গায়ে আগুন ধরিয়ে দেন।