গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গতকাল বুধবার রানী আক্তার (২০) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে পুলিশ দরজার তালা ভেঙে রানীর অঙ্গার মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ রানীকে হত্যার অভিযোগে তাঁর স্বামী সিএনজিচালিত অটোরিকশাচালক সাহেব আলীকে আটক করেছে। পুলিশের কাছে সাহেব দাবি করেন, দাম্পত্য কলহের জের ধরে রানী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, আটক সাহেব আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, এক নারীকে আগুনে পুড়ে মারা হয়েছে স্থানীয়দের কাছে এ খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যায়। পরে পুলিশ সাহেব আলীর ঘরের দরজার তালা ভেঙে পুড়ে যাওয়া তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে দুই রকমের বক্তব৵ পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
রানী জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরের ই-ব্লকে থাকতেন। তাঁর পাঁচ বছরের একটি পুত্রসন্তান আছে।
নিহত গৃহবধূর ভাই মো. জনি অভিযোগ করেন, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর পাঁচ মাস আগে সাহেব আলীর সঙ্গে রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে রানীকে মারধর করতেন সাহেব আলী।