রাজধানীর খিলগাঁওয়ে আগুনে দগ্ধ গৃহবধূ রুবি আক্তার (২৫) গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় তাঁর সাবেক স্বামী সুমনকে গ্রেপ্তার করেছে।
হাসপাতালে রুবির মামি নাসিমা বেগম জানান, রুবি তাঁর বর্তমান স্বামী রানা জংয়ের সঙ্গে বনশ্রী এলাকায় থাকতেন। গত মঙ্গলবার বিকেলে রুবি তাঁর মেয়ে নুশরাতকে নিয়ে মামার খিলগাঁওয়ের মধ্যপাড়ার বাসায় বেড়াতে যান। খবর পেয়ে তাঁর সাবেক স্বামী সুমন রাত আটটার দিকে তাঁকে পাশের বাসার একটি ছাদে ডেকে নেন। একপর্যায়ে সুমন তাঁকে অশ্লীল গালাগাল দেন। এতে প্রতিবাদ করায় সুমন তাঁর সঙ্গে থাকা বোতল থেকে পেট্রল ঢেলে রুবির শরীরে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভান। পরে তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
চিকিৎসকেরা জানান, আগুনে রুবির শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোস্তাফিজুর রহমান জানান, রুবিকে আগুন দিয়ে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন সুমন। এ হত্যায় আর কারও ইন্ধন ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
চার শ্রমিক দগ্ধ: গতকাল ভোরে রাজধানীর শ্যামপুর শিল্পাঞ্চলের রানী স্টিল মিলে লোহা গলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিক জাবেদুল ইসলাম, এনামুল হক, সাইফুল ও কামরুল হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিক নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কারখানায় তাঁরা রাতের পালার দায়িত্বে ছিলেন। গতকাল ভোর চারটার দিকে কারখানায় লোহা গলানোর সময় হঠাৎ চুল্লি থেকে আগুনের ফুলকি উঠতে থাকে। এতে কারখানার একটি অংশে আগুন ধরে যায়। এ আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চারজন শ্রমিক দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে জাবেদুলের শরীরের ৮৫ ও এনামুলের ৭৫ ভাগ পুড়েছে। তাঁদের অবস্থা সংকটাপন্ন।