গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জে সম্পদ নিয়ে বিরোধের জের ধরে রেফা বেগম (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার পুলিশ শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
শ্বাসরোধ ও পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রেফা বেগমের স্বামী রায়হান (২৮), সৎশাশুড়ি, দেবর ও ননদকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার খাগাউড়া গ্রামের লোকমান মিয়া পেশায় একজন পাচক। তিনি দুই বিয়ে করেন। তাঁর প্রথম পক্ষের একমাত্র ছেলে রায়হান গ্রামের বাড়িতে স্ত্রী ও ছেলেকে নিয়ে বসবাস করেন। দ্বিতীয় স্ত্রী আছিয়া বেগমকে নিয়ে সিলেটে বসবাস করতেন লোকমান মিয়া। আছিয়ার এর আগেও বিয়ে হয়। সেই ঘরের দুই ছেলে ও এক মেয়ে তাঁদের সঙ্গে থাকেন।
সিলেটে লোকমান মিয়ার দুটি বাসা এবং গ্রামে এক শ বিঘা জমিতে প্রায় তিন কোটি টাকা মূল্যের আলিশান একটি বাড়ি আছে। এ সম্পদ নিয়ে রায়হানের স্ত্রী রেফার সঙ্গে আছিয়ার বিরোধ চলছিল। রায়হান কখনো স্ত্রীর আবার কখনো সৎমায়ের পক্ষ নিতেন।
গতকাল ভোরে এলাকাবাসী রায়হানদের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন ও লাশ পোড়ার দুর্গন্ধ পান। তাঁরা সেখানে গেলে বাড়ির লোকজন তাঁদের জানান, রেফা বাড়ির চুলার আগুনে পুড়ে মারা গেছেন। পরে সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। ওই দিন সকালে ঘটনাস্থলে এসে পুলিশ বাড়ির একটি কক্ষ থেকে রেফার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
রেফার বড় ভাই হাবিবুল অভিযোগ করেন, সম্পদ নিয়ে বিরোধের জের ধরে তাঁর বোনকে রায়হান, সৎশাশুড়ি আছিয়া বেগম ও তাঁর সন্তানেরা আগুনে পুড়িয়ে হত্যা করেছে। থানার হাজতে থাকায় রায়হান ও আছিয়া বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রায়হানের বাবা লোকমান মিয়ার মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির ভেতরে তাঁর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।