গৃহবধূকে পুড়িয়ে হত্যা: স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীর পাকশীতে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ওই গৃহবধূর স্বামী সাহাবুল মল্লিককে তাঁর গ্রামের বাড়ি দিয়াড়বাঘইল থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে সাহাবুলের মা কমলা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঈশ্বরদী ইপিজেড কারখানার শ্রমিক ছালমা খাতুনকে গত রোববার রাতে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে বেঁধে পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। গতকাল রাতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছালমার মৃত্যুর পর তাঁর চাচা আলম প্রামাণিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আসামি করা হয়।