গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় আজ রোববার বিকেলে বিলকিস আক্তার (২২) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে।

পুলিশ জানায়, বিলকিসের বাড়ি হালুয়াঘাট উপজেলার পূর্ব ঘোবড়া কুড়া গ্রামে। দুই বছর আগে প্রতিবেশী আবু সাইদের সঙ্গে তাঁর বিয়ে হয়। আজ রোববার বিকেলে খবর পেয়ে আবু সাইদের ঘর থেকে বিলকিসের পোড়া লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যার অভিযোগ ওঠায় পুলিশ স্বামী আবু সাইদ ও শাশুড়ি শাহিদা খাতুনকে আটক করে।
বিলকিসের ভাই জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও তাঁর পরিবার বিলকিসের ওপর নির্যাতন শুরু করেন। যৌতুক না দেওয়ায় বিলকিসকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, আটক দুজন পুলিশের কাছে দাবি করেছেন, বিলকিস আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।