গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সোনিয়া আক্তার (২০) নামের এক নববধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল শনিবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে গত কোরবানির ঈদের সময় সোনিয়া বাড়ি থেকে পালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের মন্টু আকনকে বিয়ে করেন।
নিহত সোনিয়ার পরিবারের অভিযোগ, গত ২৬ নভেম্বর মন্টু আকন সোনিয়াকে ঘরের চেয়ারের সঙ্গে বেঁধে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। মৃত্যুর আগে শুক্রবার দুপুরে সোনিয়া কচুয়া থানার পুলিশের কাছে জবানবন্দি দিয়ে স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ করেন।
সোনিয়া আক্তার কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের রিকশাভ্যানচালক মোজাহার শিকদারের মেয়ে ও স্থানীয় শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
মোজাহার শিকদার বলেন, বিয়ের পর সোনিয়া জানতে পারেন, মন্টুর আরেকটি বিয়ে হয়েছে। এই নিয়ে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমশের আলী বলেন, ২ ডিসেম্বর ভান্ডারিয়া থানা থেকে পাঠানো একটি বার্তার সূত্র ধরে কচুয়া থানার পুলিশ গত শুক্রবার দুপুরে মেয়েটির বাড়িতে গিয়ে তাঁর মৃত্যুকালীন জবানবন্দি নেয়। জবানবন্দিতে মেয়েটি বলেছেন, স্বামী মন্টু তাঁকে আগুন দিয়ে পুড়িয়েছেন।
ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘মন্টু আত্মগোপন করেছেন। মেয়েটির পরিবার মামলা দিলে আমরা কাজ শুরু করতে পারব।’