গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
সাতক্ষীরার তালায় আগুনে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে তিনি মারা যান। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামী ও ভাশুরকে আটক করেছে।
নিহত গৃহবধূর নাম মুন্নি বেগম (২৭) । তিনি সাতক্ষীরার তালা উপজেলার বাগমারা গ্রামের মোছা গাজীর স্ত্রী।
নিহত মুন্নির বাবা আলী বক্স সানা জানান, গত পাঁচ-সাত বছর আগে তাঁর মেয়ে মুন্নির মাথার সমস্যা দেখা দেয়। কিছুদিন চিকিৎসার করার পর সে ভালো হয়ে যায়। কিন্তু মাথা খারাপের অভিযোগে তাঁর মেয়েকে জামাই মারধর করতেন। আরেকটি বিয়ে করবে বলে প্রায় হুমকি দিতেন। তিনি দাবি করেন, তাঁর মেয়ে মুন্নির গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে জামাই মোছা পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করেছেন।
মোছা গাজী জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে তাঁরা একই ঘরে ঘুমাতে যান। রাত দুইটার দিকে তিনি দেখেন যে তাঁর স্ত্রী শরীরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করেন। কাঁথা ও বস্তা দিয়ে আগুন নিভিয়ে ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক খুলনায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করলে পথে ডুমুরিয়ায় তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ফারহাদ জামিল জানান, নিহত মুন্নির শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, কেরোসিন-জাতীয় কোনো দাহ্য পদার্থে তাঁর শরীর পুড়ে যায়।
তালার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত মুন্নীর স্বামী মোছা গাজী ও তাঁর ভাশুর আবদুল জলিলকে আটক করা হয়েছে।