গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গত সোমবার রাতে নূপুর বেগম (২০) নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই নারীর শ্বশুর মো. অলি শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টির মুক্তিযুদ্ধের হাট এলাকায় ইলিয়াস খাঁ (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত নূপুর মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামের সোলায়মান শরীফের স্ত্রী। গত বছরের মার্চে তাঁদের বিয়ে হয়েছিল। নূপুর পার্শ্ববর্তী উত্তর ফুলহাতা গ্রামের নাছির জমাদ্দারের মেয়ে। দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ তাঁর বাবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাছির জমাদ্দার বলেন, কয়েক মাস আগে সোলায়মান শরীফের বাড়িতে এক বস্তা চাল চুরি হয়। এ জন্য নূপুরকে তাঁর স্বামীর পরিবার মিথ্যা দোষারোপ করে। এ ঘটনার জের ধরে তারা নূপুরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এখন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। তিনি নূপুরের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করেছেন।
বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহিদুল ইসলাম খলিফা বলেন, ‘রাত আটটার দিকে প্রতিবেশীরা ঘরে আগুন দেখে আমাকে খবর দেয়। দ্রুত ওই বাড়িতে গিয়ে বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকি। অগ্নিদগ্ধ অবস্থায় নূপুরকে মেঝেতে পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন।’
মো. অলি শরীফ বলেন, ‘রোববার বিকেলে আমার স্ত্রী, ছেলে ও মেয়ে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। সোমবার বিকেলে আমি বাড়ি থেকে বেরিয়ে পাশের বাজারে গিয়েছিলাম। বাড়িতে নূপুর একা ছিলেন। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে দেখি আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়েছে।’
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, নূপুরের সঙ্গে তাঁর স্বামীর পরিবারের কলহ ছিল। এর জের ধরে এ ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। নূপুরের শ্বশুর অলি শরীফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নিহত কাঠ ব্যবসায়ী ইলিয়াস খাঁর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। তিনি উপজেলার পানপট্টি এলাকায় কাঠের ব্যবসা করতেন। সোমবার রাতে পানপট্টির মুক্তিযুদ্ধের হাট-সংলগ্ন পুকুর থেকে তাঁর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে পানপট্টি মুক্তিযুদ্ধের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের পেছনে পুকুর পাড়ে ইলিয়াসের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী পারুল বেগম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা করেছেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, গলা কাটা অবস্থায় ইলিয়াসের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ড দেখে ফেলায় স্থানীয় একটি ব্যাংকের পিয়ন দেলোয়ারের ওপর হামলা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। গলায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হওয়ায় দেলোয়ার কথা বলতে পারছেন না। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।