গৃহবধূকে পুড়িয়ে হত্যার মামলায় ভাশুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গৃহবধূ শিরিনা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে হওয়া মামলায় তাঁর ভাশুর জুয়েল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার শ্রীরামদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জুয়েল মামলার দুই নম্বর আসামি। 

গৃহবধূ শিরিনার গ্রামের বাড়ি উপজেলার চরকাওনা নতুন বাজার এলাকায়। তাঁর বাবা ছায়াম উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রায় পাঁচ বছর আগে শিরিনার সঙ্গে একই এলাকার রুবেলের বিয়ে হয়। যৌতুকের দাবিতে বিয়ের পর থেকে রুবেল, তাঁর বড় ভাই জুয়েল মিয়া, ছোট ভাই খায়রুল মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নির্যাতন করে আসছিলেন। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রুবেল ও তাঁর দুই ভাই শিরিনাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনতে বলেন। শিরিনা টাকা আনতে অস্বীকার করলে তিন ভাই ও তাঁদের মা মিলে তাঁকে বেদম মারধর করেন। পরে শিরিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে স্বামীসহ বাকিরা পালিয়ে যান। শিরিনাকে রাতেই কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল রোববার বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, এ ঘটনায় ছায়াম উদ্দিন বাদী হয়ে রুবেল, তাঁর দুই ভাই ও মায়ের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। আজ সোমবার আসামি জুয়েলকে গ্রেপ্তার করা হয়। কাল মঙ্গলবার তাঁকে আদালতে নেওয়া হবে।