গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
যৌতুকের টাকা না দেওয়ায় গত রোববার রাতে রাজশাহীর বাগমারা উপজেলায় এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে গতকাল সোমবার থানায় একটি হত্যা মামলা করেছেন।
গৃহবধূর নাম শারমিন সুলতানা (২১)। তিনি দুর্গাপুর উপজেলার মশুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের বাবলুর রহমানের মেয়ে। উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাদোপাড়া গ্রামের হাফিজুর রহমানের সঙ্গে তাঁর দেড় বছর আগে বিয়ে হয়।
বাগমারা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, যৌতুকের জন্য স্ত্রীকে হাফিজুর রহমান প্রায়ই নির্যাতন করতেন। তিন মাস আগে শারমিনের বাবা টাকা না দিয়ে যৌতুক হিসেবে একটি গরু কিনে দেন। তবে আবারও টাকা দাবি করেন হাফিজুর। শারমিন টাকা এনে দিতে অস্বীকার করলে গত রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাফিজুর রহমান ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করেন। এর একপর্যায়ে শারমিন চেতনা হারিয়ে ফেলেন। তখন শারমিন মরে গেছে ভেবে তাঁর মুখে বিষ ঢেলে দেন হাফিজুর। কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরে পেয়ে শারমিন যন্ত্রণায় কাতরাতে থাকেন।
পরে প্রতিবেশীরা গৃহবধূর বাবাকে মুঠোফোনে খবর দেন। রাতেই তিনি মেয়ের শ্বশুরবাড়িতে যান। তিনি শারমিনকে হাসপাতালে নেওয়ার জন্য বললে হাফিজুর তাঁকেও মারধর করেন। পরে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, শারমিন মারা গেছেন।
থানায় খবর দেওয়া হলে গতকাল সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শারমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত শারমিনের বাবা বাবলুর রহমান বাদী হয়ে হাফিজুরের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসমত আলী বলেন, হাফিজুর পলাতক আছেন।