গৃহবধূকে মারধর করে চুল কর্তন
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এক গৃহবধূকে তাঁর স্বামী ও সতিন মিলে নির্যাতন করে চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই গৃহবধূর নাম হাসি বেগম (৩০)। গত শনিবার দুপুরে গ্রামবাসী তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামে।
ওই গৃহবধূ বলেন, চার বছর আগে মুঠোফোনে ইটবাড়িয়া গ্রামের নাসির উদ্দীনের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০১২ সালের মাঝামাঝি তাঁদের বিয়ে হয়। এরপর তিনি জানতে পারেন নাসিরের আরেক স্ত্রী আছেন। বিয়ের কয়েক মাস যেতেই যৌতুকের দাবিতে তাঁর (হাসি) ওপর নির্যাতন শুরু করেন নাসির। নির্যাতন সইতে না পেরে তিনি চলতি বছরের প্রথম দিকে বাবার বাড়ি পটুয়াখালীর দুমকিতে চলে যান। এরপর কয়েক দফা সালিস বৈঠকের পর পুনরায় স্বামীর বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই নতুন করে শুরু হয় নির্যাতন। গত শুক্রবার রাত ১০টায় নাসির উদ্দীন প্রথম স্ত্রী সালমা বেগমকে সঙ্গে নিয়ে হাসিকে মারধর করেন। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে তাঁকে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়। এরপর তাঁর মাথার চুলের কিছু অংশ কেটে দেওয়া হয়। গুরুতর আহত হলে ওই রাতে ঘরের একটি কক্ষে বেঁধে তাঁকে ও তাঁর ছয় মাস বয়সী ছেলে ইয়াসিনকে আটকে রাখেন তাঁরা। রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি সেখান থেকে কৌশলে পালান। প্রায় তিন কিলোমিটার দৌড়ে তিনি সকালে পার্শ্ববর্তী আয়লা পাতাকাটা ইউনিয়নের গাবতলা গ্রামে পৌঁছান। তবে লোকজনের কাছে ধরা খাওয়ার আতঙ্কে তিনি খালে ঝাঁপ দেন। এ সময় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান বরগুনা থানায় জানালে পুলিশ দুপুরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, তীব্র ব্যথায় কাতরাচ্ছেন হাসি বেগম। কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, হাসির শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন আছে। তাঁর সুস্থ হতে অনেক সময় লাগবে।
বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় হাসি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।