বরগুনার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সালিস বৈঠকে এক গৃহবধূকে (৩০) মারধর করে চার ঘণ্টা শৌচাগারে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই গৃহবধূ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বামনার ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনেক বাগ্বিতণ্ডা শুনেছি। পরে কার্যালয়ের কর্মচারী ও উপস্থিত লোকজনের মুখে শুনেছি চেয়ারম্যান এক গৃহবধূকে মারধর করেছেন।’
তবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম ওরফে লিটু মৃধা দাবি করেন, মারধর ও শৌচাগারে আটকে রাখার অভিযোগ সত্য নয়।
নির্যাতিত গৃহবধূর বাড়ি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে। শ্বশুরবাড়ি বামনার ডৌয়াতলা ইউনিয়নে। গৃহবধূ বলেন, তাঁর স্বামী বিদেশে থাকেন। তিনি বাবার বাড়ি রায়হানপুরে থাকেন। বছর খানেক আগে তিনি জমি কেনার জন্য রায়হানপুরের জামিরতলা গ্রামের মহারাজ মিয়াকে চার লাখ টাকা দেন। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও মহারাজ তাঁকে জমির দলিল দেননি। পরে মহারাজ উল্টো তাঁর কাছে সাড়ে চার লাখ টাকা পাবেন বলে বামনা উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।
গৃহবধূ বলেন, মহারাজের অভিযোগ পেয়ে চেয়ারম্যান সাইতুল তাঁকে, তাঁর শ্বশুর ও ভাশুরকে বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেন। তিনি বেলা ১১টার দিকে শ্বশুর ও ভাশুরকে নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে যান। চেয়ারম্যান তাঁকে দেখেই অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। চেয়ারম্যান তাঁদের কোনো কথা না শুনেই মহারাজের টাকা পরিশোধের জন্য চাপ দেন। তিনি মহারাজের কাছে টাকা পাবেন জানালে চেয়ারম্যান চেয়ার থেকে উঠে এসে তাঁর গালে ও পিঠে উপর্যুপরি চড়-থাপড় মারতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন চেয়ারম্যানকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে চেয়ারম্যান তাঁকে উপজেলা পরিষদ মিলনায়তনের শৌচাগারে বিকেল চারটা পর্যন্ত আটকে রাখেন।
গৃহবধূ বলেন, চেয়ারম্যানের মারধরের কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে খুবই অসুস্থ বোধ করছেন। বিষয়টি তিনি বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সাংসদ শওকত হাচানূর রহমানকে জানিয়েছেন। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
অভিযোগের বিষয়ে মহারাজ মিয়া গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আড়াই বছর ধরে টাকা না দেওয়ায় আমি উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছি। সেখানে ওই নারী চেয়ারম্যানের সঙ্গে চোখ গরম করে কথা বলেছেন।’
সালিসে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, একজন জনপ্রতিনিধি যে এভাবে কারও পক্ষ নিয়ে একজন নারীকে প্রকাশ্যে মারধর করে শৌচাগারে আটকে রাখতে পারেন, তাঁরা ভাবতেও পারছেন না। এটি উদ্দেশ্যমূলক।