গৃহবধূকে শ্বাসরোধ ও কৃষককে পিটিয়ে হত্যা
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূ এবং ফরিদপুরের বোয়ালমারীতে এক কৃষক খুন হয়েছেন। দুটি ঘটনাই ঘটেছে গতকাল বুধবার।
নিহত গৃহবধূর নাম রেখা বেগম (২২)। তিনি বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগুজিরপুলের পশ্চিম পাশ এলাকার রাসেল সরদারের (২৪) স্ত্রী। আর বোয়ালমারীতে নিহত কৃষকের নাম মোকসেদ শেখ (৫৫)। তিনি উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের বাসিন্দা ছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, দুপুরে ঘর থেকে শোয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় দাগ রয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে হত্যা না আত্মহত্যা বলা যাবে না।
রেখার মা নিলুফা বেগম অভিযোগ করেন, যৌতুকের জন্য রেখাকে প্রায়ই মারধর করতেন জামাই রাসেল। তিনি দাবি করেন, তাঁর মেয়েকে রাসেল শ্বাসরোধ করে হত্যা করেছেন। এ কারণেই তিনি পালিয়ে গেছেন।
স্থানীয় বাসিন্দা ও রেখার পরিবার সূত্র জানায়, প্রায় দেড় বছর আগে বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহ কামালের মেয়ে রেখা বেগমের সঙ্গে একই গ্রামের ফকু সরদারের ছেলে রাসেল সরদারের বিয়ে হয়। তাঁদের সংসারে দেড় মাস বয়সের এটি ছেলেসন্তান রয়েছে। রাসেল ভাড়ায় অটোরিকশা চালাতেন। চার মাস আগে তিনি পৌরসভার কাগুজিরপুলের পশ্চিম পাশ এলাকায় বাদশা খানের ভাড়া বাসায় তাঁর মা, বাবা ও স্ত্রীকে নিয়ে ওঠেন। তাঁর (রাসেল) মা সেলিনা বেগম (৫০) ও বাবা ফকু সরদার (৬০) দিনমজুরের কাজ করেন। অভাবের সংসার। এ কারণে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
রাসেলের মা সেলিনা বেগম বলেন, ‘সকাল বেলা আমরা দুইজন (স্বামী-স্ত্রী) কাজে যাই। দুপুরবেলা খবর পাই বউ বলে গলায় রশি দিয়া আত্মহত্যা করছে। এর বেশি কিছু আমি কইতে পারি না।’
বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান জানান, মোকসেদ শেখের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে রেনিনগর গ্রামের জুয়েল শেখকে (১৫) আটক করা হয়েছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, গত রোববার ময়না গ্রামের কিছু তরুণ নৌকা নিয়ে মধুমতি নদীতে পিকনিক করতে যায়। যাওয়ার পথে রেনিনগর গ্রামে একটি সাঁকোর বাঁশ সরানো নিয়ে দুই গ্রামের লোকদের মধ্যে বচসা হয়। এ সময় রেনিনগরের এক তরুণ প্রহৃত হন। এর জের ধরে গতকাল বুধবার সকালে রেনিনগরের লোকজন ময়না গ্রামে হামলা চালান। এ সময় মোকসেদ শেখকে পিটিয়ে হত্যা করেন হামলাকারীরা। হামলায় নাজির হোসেন (১৫), খাদিজা বেগমসহ (৩০) পাঁচজন আহত হন।
ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম জানান, গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পাশের গুণবহা ইউনিয়নের রেনিনগর গ্রাম থেকে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ময়না গ্রামের মোকসেদ শেখ ও প্রতিবেশী হালিম শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। অন্যরা পালিয়ে গেলেও প্রতিবন্ধী মোকসেদ শেখ পালাতে পারেননি। প্রতিপক্ষের লোকজন তাঁকে লাঠিপেটা করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।