গৃহবধূকে শ্বাসরোধে ও তরুণকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের কলাবাড়িচর এলাকা থেকে গতকাল সোমবার সকালে সুফিয়া বেগম (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ওবায়েদুর রহমান মোল্লা (২৮) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে তিনি মারা যান।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত গৃহবধূর সুফিয়া বেগম পূর্ব বাগদুলী গ্রামের আবদুল মজিদ মণ্ডলের স্ত্রী। মজিদ প্রায় চার বছর ধরে সৌদি আরব প্রবাসী। তাঁদের দুই সন্তান রয়েছে।
নিহতের ছেলে সোহান মণ্ডল (১৪) জানায়, গত রাতে সে টেলিভিশন দেখে ঘুমিয়ে পড়ে। প্রায় দিন ভোরে তার বাবা সৌদি আরব থেকে ফোন করেন। মায়ের ফোন বন্ধ পাওয়ায় গতকাল সোমবার ভোরে তার কাছে বাবা ফোন করেন। ফোন দিতে মায়ের ঘরে বিছানায় গেলে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সে। ঘরের মূল দরজা খোলা অবস্থায় ছিল। এ সময় তাঁর নাক দিয়ে রক্ত ঝরতে ও গলার ওপর একটি নতুন গামছা পড়ে থাকতে দেখে সে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তবে মায়ের ঘর থেকে চিৎকার বা ধস্তাধস্তির কোনো শব্দ শুনতে পায়নি বলে সোহান জানায়।
নিহতের দেবর জিল্লুর রহমান জানান, প্রায় ছয়-সাত বছর আগে তাঁর ভাই মজিদ নতুন বাড়ি করে আলাদা বসবাস করছেন। বাড়িতে ভাইয়ের স্ত্রী ও দুই সন্তান ছাড়া আর কেউ থাকে না।
নিহতের ভাই আবু বলেন, ‘জানামতে আমার বোনের কোনো শত্রু ছিল না। তবে দুলাভাইয়ের টাকাপয়সার প্রতি কারও লোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।’
সরেজমিনে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় চার বছর আগে সুফিয়ার স্বামী ওমান ও পরে সেখান থেকে সৌদি আরব যান। একটি বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করতেন সুফিয়া। তাঁদের বাড়ির বাজারসদাই ও সন্তানদের স্কুলে আনা–নেওয়ার কাজ করতেন ইউনুস নামের এক প্রতিবেশী। ধারণা করা হচ্ছে, সুফিয়াকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরে রাখা হয়েছে। কারণ, বিছানাপত্র স্বাভাবিক অবস্থায় ছিল।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার বিকেল চারটার দিকে শ্রীপুরের ওয়াপদা বাজার এলাকায় ওবায়েদুর রহমানকে হাতুড়িপেটা করেন তাঁর চাচা জিবলুর রহমান মোল্লা, ওলিয়ার রহমান মোল্লা, সদর উদ্দিন মোল্লা ও তাঁদের সহযোগীরা। গুরুতর আহত ওবায়েদুরকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে সাভার এলাকায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, ওবায়েদুর রহমান শ্রীপুরের নাকোল ইউনিয়নের শাপলগাছা গ্রামের খলিলুর রহমান মোল্লার ছেলে। তিনি পেশায় অটোচালক। জমিজমা নিয়ে খলিলুর রহমানের চাচাতো ভাই ওলিয়ার রহমান, সদর উদ্দিন ও জিবলুর রহমানের সঙ্গে বিরোধ ছিল। ওই বিরোধ নিয়ে রোববার সকালে চাচাদের সঙ্গে ওবায়েদুরের ঝগড়া হয়। এর জের ধরে বিকেল চারটার দিকে ওবায়েদুরকে তিন চাচা ও তাঁদের সহযোগীরা ওয়াপদা বাজার এলাকায় হাতুড়ি দিয়ে পেটান। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে সাভার এলাকায় তিনি মারা যান।
গতকাল সোমবার বেলা ১২টার ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।