গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের জামতলার চাষাঢ়ায় পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়িতে সুমি আক্তার (১৮) নামে এক গৃহবধূকে হত্যা করে পালিয়েছেন তাঁর স্বামী।
গতকাল শনিবার সকালে শহরের নিউ চাষাঢ়া জামতলা এলাকার হাজি আবদুল মালেকের বাড়ির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। সুমি ওই ফ্ল্যাটের আক্তার হোসেন ও রিজিয়া বেগমের দ্বিতীয় মেয়ে। পুলিশের ধারণা, সুমিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সুমির মা রিজিয়া বেগম সাংবাদিকদের বলেন, ‘সদর উপজেলার ফতুল্লার শিহারচর লালখাঁ এলাকার মামুনের সঙ্গে দুই বছর আগে সুমিকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মামুন মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা চেয়েছিল। তাকে টাকা দিতে পারিনি। পরে সে টাকা জোগাড় করে মালয়েশিয়া চলে যায়। সে সময় থেকে সুমির ওপর মামুন ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ ছিল। মালয়েশিয়া থেকে গত কোরবানির ঈদের দিন মামুন দেশে চলে আসে। মামুন দেশে এসে সুমিকে তালাক দিতে কয়েকবার চেষ্টা করে। ব্যর্থ হয়ে শুক্রবার রাতে মামুন আমাদের বাসায় আসে। তারা স্বামী-স্ত্রী ব্যক্তিগত কথা বলবে বলে একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে সকালে বাইরে থেকে দরজা লাগানো দেখে সুমিকে একাধিকবার ডাকা হয়। পরে দরজা খুলে ভেতরে গিয়ে বিছানার চাদরে মোড়ানো সুমির লাশ পড়ে থাকতে দেখি। সুমির গলায় আঘাতের দাগ ও মুখে রক্ত ছিল।’