গৃহবধূকে শ্বাসরোধে ও তরুণকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চিপা বারুইখালী গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধূর নাম লিলি বেগম (৪৫)। তিনি গ্রামের শামছু সাজ্জালের স্ত্রী। আর নড়াইলে দুর্বৃত্তদের হামলায় নিহত তরুণের নাম জাহাঙ্গীর হোসেন (২৫)।
নিহত গৃহবধূর মেয়ে খাদিজা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে আমাদের কয়েকটি হাঁস প্রতিবেশী লাইলী বেগমদের মাছের ঘেরে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে লাইলীর সঙ্গে আমার মায়ের ঝগড়া হয়। একপর্যায়ে লাইলী ক্ষিপ্ত হয়ে মায়ের গলা চেপে ধরেন। পরে লাইলীর ছেলে রুবেল ও তাঁর স্ত্রী রেশমাও লাইলীর সঙ্গে যোগ দিয়ে মাকে শ্বাসরোধ করে হত্যা করে।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও নড়াইলের কালিয়া উপজেলার জুশালা গ্রামের বাসিন্দারা জানান, জাহাঙ্গীর হোসেন গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরের বাড়ি থেকে একটি হাঁস চুরি যায়। এ বিষয়ে তিনি স্থানীয় নিলু মোল্যাকে ডেকে জিজ্ঞেস করেন।
একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় নিলু মোল্যার নেতৃত্বে ১০-১২ জন জাহাঙ্গীরের বাড়িতে হামলা করে এবং তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশীরা তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতে তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।