সাতক্ষীরা সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের রুপা মণ্ডল নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করা হয়। রুপা মণ্ডল (২৩) সাতক্ষীরা সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের সুশান্ত মণ্ডলের স্ত্রী।
এদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্বশুরবাড়িতে জামিল কাজী (২৫) নামের এক তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামের আফসার কাজীর ছেলে। তাঁর শ্বশুরবাড়ি একই উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দি গ্রামে।
নিহত রুপার মামা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের জয়দেব মণ্ডল জানান, পাঁচ বছর আগে রুপা মণ্ডলের সঙ্গে সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের সুশান্ত মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে তাঁর ভাগনিকে নির্যাতন করা হতো। এমনকি তাঁকে বাবার বাড়িতে চার বছর ধরে যেতে দেওয়া হয়নি। শ্বশুরবাড়ির লোকেরা তাঁর ভাগনিকে শ্বাসরোধে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
জয়দেব মণ্ডল আরও জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ভাগনি রুপার মৃত্যুর খবর জানতে পারেন। পরে ভগ্নিপতি নরেন্দ্র মণ্ডলকে (রুপার বাবা) সঙ্গে নিয়ে জামাই সুশান্তের বাড়িতে এসে দেখতে পান, রুপার লাশ বাড়ি থেকে কিছুটা দূরে একটি পোলট্রি ফার্মের পাশে পড়ে রয়েছে। পরে তাঁরা পুলিশকে না জানিয়ে লাশ দাহের জন্য তোড়জোড় করতে থাকেন। বাধ্য হয়ে তিনি পুলিশকে খবর দেন।
রুপার শ্বশুর প্রভাষমণ্ডল জানান, রুপা পূজার জন্য গতকাল সকাল নয়টায় বাড়ির পাশের একটি গাছ থেকে আমপাতা আনতে যাওয়ার পথে পোলট্রি ফার্মের কাছে হঠাৎ হৃৎক্রিয়া বন্ধ হয়ে মারা যান। স্বাভাবিক মৃত্যু হওয়ায় থানায় খবর দেওয়া হয়নি। তবে ছেলের শ্বশুরবাড়িতে খবর দেওয়া হয় ঘটনার পরপরই।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তাঁর বাবা নরেন্দ্র মণ্ডল ও মামা জয়দেব মণ্ডল দাবি করেছেন, রুপাকে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করে তড়িঘড়ি লাশ দাহ করার চেষ্টা করছিলেন। লাশ সুরতহাল প্রতিবেদনের পর সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শ্বশুরবাড়িতে নিহত জামিলের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে জামিল শ্বশুরবাড়ি যান। ওই দিন রাতে তাঁর স্ত্রী ফোন করে জানান জামিল বিষপান করেছেন।
জামিলের স্ত্রী ফাহিমা বেগম (২১) জানান, জামিল বুধবার রাত ১০টার দিকে বিষপান করেন। তাঁকে প্রথমে পাশের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তাঁর মৃত্যু হয়।
তবে জামিলের বাবা আফসার কাজী অভিযোগ করেন, তাঁর ছেলে বিষপান করেননি। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন।
নগরকান্দা থানার ওসি এ এফ এম নাসিম বলেন, জামিলের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিবাদ চলছিল। এ কারণে স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। গত বুধবার জামিল স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তিনি বলেন, জামিলের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।