গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লায় সুলতানা আক্তার (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর তাঁর স্বামী আমির হোসেন (৩২) পলাতক রয়েছেন। পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সুলতানার লাশ উদ্ধার করে।
সাভার থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, প্রথম বিয়ের কথা গোপন রেখে আমির হোসেন বছর তিনেক আগে সুলতানাকে বিয়ে করেন। পরে জানাজানি হলে এ নিয়ে তাঁদের মধ্যে কলহ শুরু হয়। বছর খানেক আগে আমির সৌদি আরবে চলে যান। এরপর থেকে সুলতানা ব্যাংক কলোনির খান ভিলায় একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতেন। গত শনিবার আমির দেশে ফিরে ওই ফ্ল্যাটে ওঠেন। সুলতানার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাচপাই গ্রামে। আমিরের বাড়ি নারায়ণগঞ্জে।
সুলতানার ফুফাতো ভাই শফিক মাহমুদ বলেন, তাঁর বোনকে হত্যার পর ফ্ল্যাটের বাইরে থেকে তালা দিয়ে আমির সটকে পড়েন। আমির বেলা দুইটার দিকে তাঁকে ফোন করে সুলতানাকে হত্যার কথা জানান। পরে তাঁরা সাভার থানায় বিষয়টি জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, ধারণা করা হচ্ছে, সুলতানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।