গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমডাঙ্গা গ্রামে গত বুধবার রাতে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর আলমসহ তাঁর পরিবারের সবাই পলাতক।
নিহত গৃহবধূর নাম সীমা খাতুন (২৫)। গতকাল বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। সীমার ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে স্বামী, শ্বশুর ও ভাশুরসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।
গোলাম মোস্তফা অভিযোগ করেন, ‘যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় তারা আমার বোনের ওপর নির্যাতন করত। এ নিয়ে আগেও একাধিকবার দেনদরবার হয়েছে।’
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।