গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের গৃহবধূ আয়েশা আক্তারকে (২০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত আয়েশার মামা আবদুল কুদ্দুস মজুমদার বাদী হয়ে চান্দিনা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। ঘটনার পর থেকে স্বামীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
আয়েশা আক্তার নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। মাত্র ৮১ দিন আগে তাঁর বিয়ে হয়েছিল।
মামলার বাদী জানান, তাঁরা হত্যা মামলা দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ আত্মহত্যা প্ররোচনার মামলা নিয়েছে।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী প্রথম আলোকে বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার লক্ষণ থাকায় আমরা আত্মহত্যার প্ররোচনার মামলা নিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিহত গৃহবধূর মামা আবদুল কুদ্দুস মজুমদার দাবি করেন, চলতি বছরের ১৮ এপ্রিল চাঁদপুরের কচুয়া উপজেলার আতিশ্বর গ্রামের প্রয়াত আবু তাহেরের মেয়ে আয়েশা আক্তারের সঙ্গে কুমিল্লার চান্দিনা উপজেলার শালিখা গ্রামের আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে আবদুল কাইয়ুম ভূঁইয়ার (২৬) বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। কাইয়ুম এলাকায় মুদি দোকানদারি করতেন। একপর্যায়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন। ঈদকে কেন্দ্র করে পুনরায় যৌতুক দাবি করা হয়। যৌতুকের ৫০ হাজার টাকা দিতে না পারায় গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময়ে আয়েশা তাঁর বড় বোন ফাতেমা আক্তারকে মুঠোফোনে বিষয়টি জানান। কেন বোনের সঙ্গে মুঠোফোনে কথা বলল, এ নিয়ে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে রাত আনুমানিক তিনটার দিকে আয়েশাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
কুদ্দুস মজুমদার দাবি করেন, লাশের শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে।
নিহতের বোন ফাতেমা আক্তার জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে আয়েশা সবার ছোট। মঙ্গলবার রাতে স্বামী কাইয়ূম তাঁকে মারধর করার পর আয়েশা মুঠোফোনে জানায়, ‘বোন আমাকে বাঁচান, আমাকে তাঁরা বাঁচতে দেবে না, আমি বাঁচতে চাই। রাত প্রায় একটার দিকে ওই কথাই ছিল তাঁর সঙ্গে আমার শেষ কথা। ভোরে পরিবারের সদস্যদের নিয়ে শালিখা গ্রামে তাঁর বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নেই। আমার বোনকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে ঘরের দরজা বন্ধ করে তাঁরা সবাই পালিয়েছে।’
মামলার প্রধান আসামি নিহত ব্যক্তির স্বামী আবদুল কাইয়ুম ভূঁইয়াসহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চান্দিনার সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ওই গৃহবধূ কীভাবে মারা গেছেন তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। কেউ বলছেন, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আবার কারও দাবি আত্মহত্যা করেছে। তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।