গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তাপসী বেগম (২৫)। তিনি সরিষাবাড়ী পৌরসভার চন্দনপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।
গৃহবধূর পরিবারের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ বলছে, তাপসীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাপসীর স্বামী লাভলু মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত তাপসী বেগমের বাবা তোফাজ্জল হোসেন জানান, চার বছর আগে পারিবারিকভাবে তাপসী ও লাভলু মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় লাভলু মিয়াকে ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। তাঁদের তিন বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন লাভলু। কয়েক দফায় ৫ থেকে ১০ হাজার টাকা দেওয়ার পরও নির্যাতন চলত।
তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, আজ বেলা ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার এলাকায় নিজ ঘরে তাপসীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান লাভলু। পাশের বাসা থেকে তাঁদের সন্তান বাসায় এসে মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।