গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ীতে এক গৃহবধূকে তাঁর স্বামী ও পরিবারের লোকজন শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শুক্রবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম শায়লা আক্তার (১৮)। স্বামীর নাম আলামিন মিয়া (২৫)। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের লোকজন পলাতক।
পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, ৯ মাস আগে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামের আবদুল হালিমের ছেলে আলামিনের সঙ্গে একই ইউনিয়নের দোলভিটি গ্রামের লুৎফর রহমানের মেয়ে শায়লা আক্তারের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে শায়লার সঙ্গে তাঁর শাশুড়ি আঙ্গুরী বেগমের প্রায়ই ঝগড়া হতো। শায়লা রান্না ও সাংসারিক কাজ করতে পারতেন না বলে তাঁর শাশুড়ির অভিযোগ। এ নিয়ে ঈদের আগের দিন শাশুড়ির সঙ্গে ঝগড়া বাধে শায়লার। বৃহস্পতিবার রাতে স্বামী আলামিনের সঙ্গেও স্ত্রী শায়লার ঝগড়া হয়।
রাতে শায়লাকে স্বামী আলামিন ও তাঁর পরিবারের লোকজন শ্বাসরোধে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
শায়লার স্বামী আলামিন ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ আজ সকালে ঘটনাস্থলে গিয়ে শায়লার লাশ উদ্ধার করে। সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শায়লার বাবা লুৎফর রহমান অভিযোগ বলেন, ‘আমার মেয়েকে তার স্বামী আলামিন ও পরিবারের লোকজন শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি থেকে পালিয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’
লাশের সুরতহালকারী সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা যাবে না।