গৃহবধূকে হত্যা করে লাশ পুঁতে রাখার অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। ওই গৃহবধূর স্বামীসহ চারজন গত বুধবার এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই গৃহবধূর নাম হাসিনা আক্তার (২১)। তিনি সদর উপজেলার উত্তর চর রমনীমোহন গ্রামের আল আমিনের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিনের বন্ধু সামছুল হককে গতকাল আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এক বছর আগে উত্তর চর রমনীমোহন গ্রামের ওসমান গনি মিয়ার মেয়ে হাসিনা বেগমকে একই এলাকার হারুন সরদারের ছেলে আল আমিনের কাছে বিয়ে দেওয়া হয়। এর পর থেকে আল আমিন ও তাঁর পরিবারের লোকজন হাসিনার বাবার কাছে যৌতুক দাবি করে আসছে। কিন্তু যৌতুক না পাওয়ায় আল আমিন, তাঁর দুই ভাই জহির ও রহিম এবং বন্ধু সামছুল হক মিলে হাসিনাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
গতকাল দুপুরে চর রমনী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল হক আল আমিনের বন্ধু সামছুল হককে আটক করে গণপিটুনি দিলে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সদর থানার পুলিশ ঘটনাস্থল উত্তর চর রমনীমোহন গ্রামে এসে ফসলের মাঠ খুঁড়ে হাসিনার লাশ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।
হাসিনার খালাতো ভাই আবদুস সাত্তার অভিযোগ করেন, গত বুধবার বিকেলে আল আমিন মেলায় যাওয়ার কথা বলে হাসিনা বেগমকে নিয়ে ঘুরতে বের হন। রাতে বাড়ি ফেরার পথে আল আমিনসহ চারজন তাঁকে (হাসিনা) হত্যা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, হাসিনা হত্যার ঘটনায় সামছুল হককে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।