গৃহবধূকে হত্যা, শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুই ব্যক্তি হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার চরহোসেনপুর মহল্লার মো. রাকিব (২৪) মিয়ার স্ত্রী নাইমা সুলতানা (১৯) ও কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগানের চেনাইয়া কুর্মী (৪২)।

ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা যায়, এক মাস আগে ঈশ্বরগঞ্জ পৌরসভার চরহোসেনপুর মহল্লার মোস্তাফিজুর রহমানের মেয়ে নাইমা সুলতানাকে বিয়ে করেন একই মহল্লার মোস্তফা মণ্ডলের ছেলে মো. রাকিব মিয়া। তবে দুই পরিবারের কেউ এ বিয়ে মেনে নেয়নি। ফলে রাকিব স্ত্রীকে নিয়ে পৌরসভার চরশিহারি মহল্লার জামাল উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে অচেতন নাইমা সুলতানাকে সেখানে নিয়ে যান রাকিব। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখতে পান মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছে।নাইমার বাবা অভিযোগ করেন, ৪০ দিন আগে তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছিলেন রাকিব। গত রাতে রাকিব তাঁর স্ত্রীকে (নাইমার মা) ফোন করে নাইমার শ্বাসকষ্টের কথা জানান। পরে তাঁরা লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে নাইমার লাশ দেখতে পান। তাঁর মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে রাকিব ওই শ্বাসকষ্টের নাটক সাজিয়েছেন।

থানা হেফাজতে থাকা রাকিবের কাছে গিয়ে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, ‘হত্যা করলে তো পালিয়ে যেতে পারতাম। ময়নাতদন্ত প্রতিবেদন এলে বিষয়টি পরিষ্কার হবে।’ ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাইমার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে চা-শ্রমিক চেনাইয়ার স্ত্রী তাঁকে ছেড়ে সন্তানদের নিয়ে কমলগঞ্জ উপজেলায় বাবার বাড়িতে চলে যান। গতকাল সকালে তাঁর এক আত্মীয় নারী উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। একপর্যায়ে চেনাইয়ের সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় চেনাইয়ের লাশ ঝুলতে দেখতে পান।