গৃহবধূকে হত্যা সেপটিক ট্যাংকে মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের চার দিন পর কুমিল্লার মেঘনা উপজেলার কাছারিকান্দি গ্রামের মুক্তা আক্তার নামের এক গৃহবধূর লাশ মিলল শৌচাগারের সেপটিক ট্যাংকে। পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানা গেছে, এক বছর আগে উপজেলার হরিপুর গ্রামের মুক্তার (১৮) সঙ্গে কাছারিকান্দি গ্রামের ওয়াসিমের (২৬) বিয়ে হয়। এর চার মাস পর ওয়াসিম দুবাই চলে যান। মুক্তা শ্বশুরবাড়িতেই থাকতেন। গত সোমবার তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর দেবর মহসীন মিয়া ও মুক্তার মা পৃথকভাবে মেঘনা থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্ত করতে গিয়ে পুলিশ ওয়াসিমের বাড়ির শৌচাগারের ট্যাংক থেকে গতকাল দুপুর ১২টার দিকে মুক্তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মেঘনা থানার ওসি কামরুজ্জামান শিকদার বলেন, মুক্তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ওই গৃহবধূকে হত্যা করে লাশ ওই ট্যাংকে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।