গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার তাসলিমা বেগম (২৮) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী কামাল হোসেনও আহত হয়েছেন।
পুলিশ ও এলাকার অনেকের ভাষ্যমতে, উপজেলার কাঞ্চন পৌরসভার পূর্ব কালাদি এলাকার কামাল হোসেনের স্ত্রী তাসলিমার সঙ্গে পাশের পশ্চিম কালাদি এলাকার দুই সন্তানের জনক খোকন মিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত ছয় মাস আগে তাঁদের ওই সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে এলাকায় এ নিয়ে বিচার-সালিস বসে। সালিসে খোকনের ভাই পৌর কাউন্সিলর রোকন মিয়া তাঁর ভাইকে বেত্রাঘাত করেন। এ সময় খোকনকে ওই গৃহবধূর বাড়িতে যেতে নিষেধ করে দেওয়া হয়।
এরপর দীর্ঘ সময় তাঁদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। কিন্তু গতকাল দুপুরে তাসলিমাকে ঘরে একা পেয়ে তাঁর সঙ্গে অসংলগ্ন আচরণ করেন খোকন। এ সময় তাসলিমা ছুটে যাওয়ার চেষ্টা করেন। পরে তাসলিমাকে খোকন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেন। ঘটনা টের পেয়ে তাসলিমার স্বামী কামাল এগিয়ে এসে খোকনকে ধরে ফেলেন। এ সময় খোকনের সঙ্গে কামালের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে খোকন দৌড়ে পালিয়ে যান।
কামাল জানান, এ ঘটনায় এলাকায় বিচার-সালিস হয়েছে। গত কয়েক মাস আগে খোকনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
ঘটনার পর থেকে খোকন পলাতক রয়েছেন। তাই এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে তাসলিমা ও খোকনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একপর্যায়ে বিচার-সালিসের কারণে তাঁদের মধ্যে ওই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এর জের ধরেই এই খুনের ঘটনা ঘটেছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।