গৃহবধূকে হত্যার অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় লায়লা বানু (২৫) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পাদুমপুর (সোনাজুড়ি) গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছেন।
লায়লা বানু পাদুমপুর (সোনাজুড়ি) গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী ও একই উপজেলার খটখটিয়া কৃষ্টপুর গ্রামের সাফজাল হোসেনের মেয়ে।
লায়লার চাচাতো ভাই মাসুদ রানা ও উজ্জ্বল হোসেন বলেন, সাদ্দামের প্রতিবেশীরা মুঠোফোনে সোমবার রাত ১২টার দিকে সাফজালকে লায়লার মৃত্যুর খবর জানান। ভোরে লায়লার বাবার বাড়ির লোকজন সাদ্দামদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, সাদ্দামের ঘরের মেঝেতে লায়লার লাশ পড়ে আছে। লাশের গলায় ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। বেলা ১১টার দিকে পুলিশ আসার খবর পেয়ে সাদ্দাম, তাঁর বাবা হারুন উর রশীদ ও মা বাড়ি থেকে পালিয়ে যান।
মাসুদ ও উজ্জ্বল আরও বলেন, এক বছর আগে লায়লার সঙ্গে সাদ্দামের বিয়ে হয়। বিয়েতে সাদ্দামকে ৪০ হাজার টাকা ও একটি বাইসাইকেল দেওয়ার কথা ছিল। বিয়ের দিন সাদ্দামকে ২৫ হাজার টাকা ও বাইসাইকেল দেওয়া হয়। ১৫ হাজার টাকা পরে দেওয়ার কথা ছিল। এই ১৫ হাজার টাকার জন্য সাদ্দাম প্রায়ই লায়লাকে নির্যাতন করতেন। গত তিন মাস আগে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে আসেন লায়লা। পরে নির্যাতন না করার প্রতিশ্রুতি দিয়ে কিছুদিন আগে লায়লাকে বাড়িতে নিয়ে যান সাদ্দাম।
ঘটনাস্থলে যাওয়া নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, লায়লা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর গলায় ও তলপেটে কালো দাগ রয়েছে। যৌনাঙ্গেও রক্ত ছিল।
নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকেবলেন, খবর পেয়ে পুলিশ লায়লার লাশ থানায় আনে। লায়লার মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। লায়লার পরিবার মামলা দিলে নেওয়া হবে। ঘটনার পর থেকে লায়লার স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।