গৃহবধূকে হত্যার অভিযোগ, কৃষকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত শুক্রবার রাতে লাকি আক্তার নামে এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন কিশোরগঞ্জের ইটনায় হাওর থেকে ফারুক মিয়া নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়পুরায় নিহত লাকি আক্তার (২৯) উপজেলার পূর্ব পানপাড়া এলাকার মৃত তছলিম উদ্দিনের মেয়ে। তাঁর বড় ভাই মাসুদ অভিযোগ করেন, ‘আট বছর আগে উপজেলার কেরোয়ার মোল্লারহাট এলাকার জাহাঙ্গীর আলমের সঙ্গে লাকির বিয়ে হয়। বিয়ের পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবি করতে থাকে। যৌতুক না পেয়ে গত শুক্রবার রাতে তারা পরিকল্পিতভাবে লাকিকে হত্যা করে। এরপর তারা লাকির মুখে বিষ ঢেলে দেয়। এখন তারা আত্মহত্যার কথা প্রচার করছে।’ হত্যার অভিযোগ সঠিক নয় দাবি করে লাকির স্বামী জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে লাকির সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর সে বিষপানে আত্মহত্যা করে। রায়পুর থানার ওসি লোকমান হোসেন বলেন, গতকাল শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইটনা থানার ওসি আবদুল মালেক বলেন, গত বুধবার দুপুরে উপজেলার রায়টুটী ইউনিয়নের আহাদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০) বাড়ি থেকে বের হন। রাতে পরিবারের লোকজন খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি। শুক্রবার থানেশ্বর এলাকায় হাওরের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন।