গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী শ্বশুর গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগের গণকটুলির সুইপার কলোনিতে রাম দুলালি (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার তাঁর স্বামী কৃষাণ দাস ও শ্বশুর লাল্লু দাসকে গ্রেপ্তার করা হয়েছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক খান প্রথম আলোকে বলেন, স্বামীর সঙ্গে সুইপার কলোনিতে থাকতেন রাম দুলালি। চার বছর আগে তাঁদের বিয়ে হয়। একটা কন্যাসন্তান রয়েছে তাঁদের। ঘটনা সম্পর্কে স্বামী কৃষাণ দাস পুলিশকে জানান, বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন রাম দুলালি। রাম দুলালির স্বামীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শৌচাগারে যাওয়ার সময় পড়ে গেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর সাড়ে চারটার দিকে মারা যান তিনি।
তবে রাম দুলালিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে গতকাল থানায় মামলা করেন তাঁর ভাই কৃষ্ণ দাস। এরপর তাঁর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়। এসআই ওমর ফারুক খান বলেন, রাম দুলালির কানের পাশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।