গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
নওগাঁর রানীনগর উপজেলায় জান্নাতুন নাঈম (২৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী আলমগীর হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।
এ ব্যাপারে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর ভাই আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে আলমগীর হোসেনসহ সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীরের দুই ভাবি মঞ্জু আরা (২৫) ও মিনা বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন পূর্বপাড়া গ্রামের মৃত তালেব উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩০) দুই বছর আগে দেড় লাখ টাকা যৌতুক নিয়ে ত্রিমোহনী-চকাদিন পাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী দাদন হোসেনের মেয়ে জান্নাতুন নাঈমকে বিয়ে করেন। পরে আরও যৌতুকের জন্য আলমগীর তাঁর স্ত্রীকে বিয়ের পর থেকেই মারধর করতেন। এ বিষয়গুলো নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েকবার বৈঠক হয়। কিছুদিন আগে জান্নাতুনের বাবা সৌদি আরব থেকে ছুটিতে দেশে এলে আলমগীর হোসেন যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর মারধরের মাত্রা বাড়িয়ে দেন। মেয়ের সংসারে শান্তি বিরাজ করবে—এমনটা ভেবে জামাইকে সৌদি আরব গিয়ে টাকা পাঠিয়ে দেওয়ার কথা বলে দাদন হোসেন আবার সৌদি আরব চলে যান। কিন্তু এক মাস অতিবাহিত হওয়ার পরও সৌদি আরব থেকে টাকা না আসায় আলমগীর হোসেন ও তাঁর পরিবার পরিকল্পিতভাবে গত বুধবার রাতে জান্নাতুনকে পিটিয়ে হত্যা করে। পরে তাঁর লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে ওই রাতেই বাড়ির সবাই পালিয়ে যান।