গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি আটক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেলতৈল গ্রামে সহিদা বেগম ফারজানা নামের এক গৃহবধূকে গত সোমবার রাতে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে বেলতৈল গ্রামের সেলিম রেজার (৩২) সঙ্গে উপজেলার শুভুল্যা গ্রামের সহিদার (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁর স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। সম্প্রতি সহিদা ও তাঁর স্বামী পৃথক হয়ে সংসার শুরু করেন। এরপরও সোমবার সকালে শাশুড়ির সঙ্গে সহিদার ঝগড়া হয়।
সহিদার বাবা ফারুক মিয়া প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, সোমবার ঝগড়ার পর সহিদাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন মারধর করেন। একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করেন।
মির্জাপুর থানার এসআই মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় সহিদার বাবা থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সহিদার স্বামী সেলিম ও শাশুড়ি মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।