গৃহবধূকে হত্যার অভিযোগ
বরিশালের উজিরপুর উপজেলায় বাসন্তী রানী (৩০) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর গত সোমবার রাত একটার দিকে উপজেলার হস্তীশুণ্ড গ্রামে তড়িঘড়ি করে পোড়ানোর সময় লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বাসন্তী রানী গৌরনদী উপজেলার বাঘার গ্রামের মঙ্গল বাড়ৈর মেয়ে। এ ঘটনায় বাসন্তীর ভাই মনোজ বাড়ৈ বাদী হয়ে ভগ্নিপতি রতন শীল, তাঁর বাবা অনিল শীল, মা গৌরী রানী শীল, ভাই মানিক শীলসহ সাতজনকে আসামি করে উজিরপুর থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাতে হস্তীশুণ্ড গ্রামের গৃহবধূ বাসন্তী রানীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ পাওয়া যায়। এরপর পুলিশের একটি দল রাত একটার দিকে ঘটনাস্থলে যায়। সেখানে লাশ দাহ করার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহবধূর স্বামী রতন শীলসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাসন্তী রানীকে তাঁর স্বামী রতন শীল, শ্বশুর অনিল শীল, শাশুড়ি গৌরী রানী শীল, দেবর মানিক শীলসহ পরিবারের সদস্যরা ব্যাপক মারধর করেন। একপর্যায়ে বাসন্তী মারা যান। পরে তাঁর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
মনোজ বাড়ৈ বলেন, আট বছর আগে উজিরপুরের হস্তীশুণ্ড গ্রামের রতন শীলের (৩৫) সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন যেতে না-যেতেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন চালানো শুরু করে। বিভিন্ন সময় যৌতুকের টাকা দেওয়া হয়। আরও যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গভীর রাতে লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি জানা যাবে।